খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

রাত জাগা নিয়ে মহানবী (সা.)-এর সতর্কবার্তা, হাদিসে যা বলা হয়েছে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাত জাগা নিয়ে মহানবী (সা.)-এর সতর্কবার্তা, হাদিসে যা বলা হয়েছে

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইলে সিনেমা-সিরিজ দেখা কিংবা কাজের ব্যস্ততায় অনেকেই গভীর রাত পর্যন্ত জেগে থাকেন। নিয়মিত এভাবে রাত জাগার কারণে স্বাভাবিক ঘুমের ছন্দ ব্যাহত হওয়ার পাশাপাশি ফজরের নামাজে সময়মতো উঠতে না পারাসহ দৈনন্দিন দায়িত্ব পালনে সমস্যা তৈরি হতে পারে।

ইসলামে রাতের ঘুমকে মহান আল্লাহর অন্যতম নেয়ামত হিসেবে বিবেচনা করা হয়েছে। মানুষের বিশ্রাম, প্রশান্তি ও কর্মক্ষমতা বজায় রাখার জন্য রাতকে বিশ্রামের সময় এবং দিনকে কাজকর্মের সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসেও অপ্রয়োজনে রাত জেগে সময় নষ্ট না করার শিক্ষা পাওয়া যায়।

রাতকে বিশ্রামের সময় করেছেন আল্লাহ

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۝ وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا

অর্থ: ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামের জন্য এবং রাতকে করেছি আচ্ছাদনস্বরূপ।’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)

অন্য আয়াতে বলা হয়েছে,

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا

অর্থ: ‘তিনিই সেই সত্তা, যিনি তোমাদের জন্য রাতকে করেছেন বিশ্রামের সময় এবং দিনকে করেছেন কর্ম ও চলাফেরার উপযোগী।’ (সুরা ইউনুস, আয়াত: ৬৭)

এসব আয়াতে রাতের স্বাভাবিক উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। রাতের বিশ্রাম মানুষের শরীর ও মনকে পরবর্তী দিনের কাজকর্ম ও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করে।

এশার পর অপ্রয়োজনীয় কথাবার্তা অপছন্দ করতেন নবীজি

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচরণেও সময়মতো ঘুমানোর গুরুত্ব পাওয়া যায়। তিনি এশার নামাজের আগে ঘুমানো এবং নামাজের পর অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় কাটানো অপছন্দ করতেন।

হজরত আবু বারযা (রা.) থেকে বর্ণিত,

وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا

অর্থ: ‘রাসুলুল্লাহ (সা.) এশার আগে ঘুমানো এবং এশার পর অপ্রয়োজনীয় কথাবার্তা বলা অপছন্দ করতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৬৮; সহিহ মুসলিম, হাদিস: ৬৪৭)

এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, এশার নামাজের পর অকারণে আড্ডা, গল্প কিংবা বিনোদনে রাত দীর্ঘ করা উচিত নয়। বিশেষ করে যে অভ্যাসের কারণে ফজরের নামাজে উঠতে অসুবিধা হয়, তা পরিহার করা প্রয়োজন।

সকালের সময়ের বরকত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা

ইসলামে দিনের শুরুর সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের জন্য সকালের সময়ে বরকত কামনা করে দোয়া করেছেন।

اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লিউম্মাতি ফি বুকুরিহা।

অর্থ: ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্য দিনের শুরুর সময়ে বরকত দান করুন।’ (আবু দাউদ, হাদিস: ২৬০৬; তিরমিজি, হাদিস: ১২১২)

রাত জেগে সকালে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলে দিনের গুরুত্বপূর্ণ সময় কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। অথচ সকাল ইবাদত, পড়াশোনা, কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার গুরুত্বপূর্ণ সময়।

ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হয় শরীর ও মন

নিয়মিত পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। ঘুমের সময় শরীরের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। পর্যাপ্ত ঘুম মনোযোগ, স্মৃতিশক্তি, মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।

অন্যদিকে, দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে দিনের বেলায় অবসাদ, বিরক্তি, মনোযোগের অভাব ও মানসিক চাপ দেখা দিতে পারে। এতে স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি ইবাদতে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে।

স্মার্টফোনের কারণে বাড়ছে রাত জাগার প্রবণতা

আধুনিক জীবনে অনিয়ন্ত্রিত রাত জাগার অন্যতম কারণ স্মার্টফোন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা, ভিডিও, অনলাইন গেম কিংবা সিরিজের পর্ব দেখতে গিয়ে অনেকেই ঘুমানোর সময় ভুলে যান।

প্রথমে অল্প সময়ের জন্য মোবাইল ব্যবহার শুরু হলেও একপর্যায়ে তা ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। ফলে ঘুমের স্বাভাবিক রুটিন নষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় এবং সারাদিন ক্লান্তি অনুভূত হতে পারে।

এ অভ্যাসের কারণে ফজরের নামাজে সময়মতো ওঠার পাশাপাশি তাহাজ্জুদ আদায়ের সুযোগও সীমিত হয়ে যায়। তাই ঘুমানোর আগে মোবাইল ফোনের ব্যবহার কমানো, অপ্রয়োজনীয় বিনোদন এড়িয়ে চলা এবং নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

ভালো নিয়তে ঘুমালেও মিলতে পারে সওয়াব

ইসলামে কাজের ক্ষেত্রে নিয়তের বিশেষ গুরুত্ব রয়েছে। একজন মুমিন যদি শরীরকে বিশ্রাম দিয়ে পরবর্তী সময়ে ইবাদত করা, ফজরের নামাজে যথাসময়ে ওঠা কিংবা সুস্থভাবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ঘুমান, তাহলে তাঁর এই বিশ্রামও সওয়াবের কারণ হতে পারে।

হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বলেন,

أَحْتَسِبُ نَوْمَتِي كَمَا أَحْتَسِبُ قَوْمَتِي

অর্থ: ‘আমি যেমন আমার ইবাদতের সওয়াবের আশা করি, তেমনি আমার ঘুমের মাধ্যমেও সওয়াবের আশা করি।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৩৪৫)

অর্থাৎ, একজন মুমিনের কাছে ঘুম কেবল শারীরিক বিশ্রাম নয়; বরং সঠিক নিয়ত থাকলে তা ইবাদত ও কল্যাণকর কাজের সহায়ক হতে পারে। তাই সুস্থ জীবনযাপন এবং ধর্মীয় দায়িত্ব পালনের স্বার্থে ঘুমের বিষয়ে সচেতন হওয়া জরুরি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ছবিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা সংবাদাদাতা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রবেশমুখে নির্মিত ‘বেলকুচিতে স্বাগতম’ তোরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। 
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার মাইঝাইল গ্রামে এ তোরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার প্রবেশমুখে নির্মিত দৃষ্টিনন্দন তোরণটি বেলকুচিতে আগত অতিথি ও পথচারীদের স্বাগত জানানোর পাশাপাশি উপজেলার পরিচিতি তুলে ধরবে। এর মাধ্যমে বেলকুচির সৌন্দর্য ও ঐতিহ্য আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

তোরণের ফলক থেকে জানা যায়, ‘স্বাগতম’ তোরণটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। স্থানীয়দের মতে, উপজেলার প্রবেশপথে এমন একটি তোরণ নির্মাণ বেলকুচির পরিচিতি বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখবে।

পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ছবি যোগফল

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাইকগাছা মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাইকগাছা থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অপরাধ দমনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

এ সময় পাইকগাছা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) সামছুজ্জোহা, ক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু হোসেন, পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল ইসলাম, মো. জিনারুল ইসলাম, মো. আব্দুর রশিদ সানা এবং সাংবাদিক ভূপাল গাইন।

পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

ছবি যোগফল


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছায় পুশবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধ, নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।